
ঢাকা, ১৭ মে ২০২৬:
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সঙ্গে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ-এর একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। আজ রবিবার সংসদ ভবনস্থ ডেপুটি স্পীকারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলটির নেতৃত্বে ছিলেন নাগরিক প্লাটফর্মের আহবায়ক দেবপ্রিয় ভট্রাচার্য।
বৈঠকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন এবং সংসদীয় ককাস গঠনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মূলধারায় প্রান্তিক জনগোষ্ঠীকে যুক্ত করার প্রতিশ্রুতি
সাক্ষাৎকালে ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, "সংসদ-সদস্য হওয়ার আগেও আমি সংখ্যালঘু, মানবাধিকার এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করেছি। যার ফলশ্রুতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গারো ও হাজং সম্প্রদায় দ্ব্যর্থহীনভাবে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে।"
তিনি আরও জোর দিয়ে বলেন, এই অনগ্রসর সম্প্রদায়গুলোকে মূলধারার সাথে সংযুক্ত করার মাধ্যমে তাদের সার্বিক দুর্দশা লাঘব করতে তিনি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
সংসদীয় ককাস এবং মানবিক বাংলাদেশ গঠন
ওয়েস্টমিনিস্টার পদ্ধতির সংসদীয় ব্যবস্থার কথা উল্লেখ করে ডেপুটি স্পীকার বলেন, "সংসদে সংসদীয় ককাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসডিজির লক্ষ্যসমূহ অর্জনে আগ্রহী সংসদ-সদস্যদের সমন্বয়ে একটি শক্তিশালী ককাস গঠনের মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।" বর্তমান সংসদের তরুণ সংসদ-সদস্যরা একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণে সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও তিনি মন্তব্য করেন।
নাগরিক প্লাটফর্মের অবস্থান ও ঐকমত্য
নাগরিক প্লাটফর্মের প্রতিনিধিদল জানায়, এই প্ল্যাটফর্মটি মূলত দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী— যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে সংশ্লিষ্ট অংশীজনদের কার্যক্রম পরিচালনায় নীতিগত সহায়তা দিয়ে থাকে। সাক্ষাৎকালে তারা একটি স্বাধীন সংসদীয় ককাস গঠনের প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন।
সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে উভয়পক্ষ দেশের মানসম্পন্ন শিক্ষা, জনসেবা নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা ও উন্নয়নে একসঙ্গে কাজ করার বিষয়ে গভীর ঐকমত্য পোষণ করেন।
উপস্থিত ব্যক্তিবর্গ
উক্ত সৌজন্য সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি নাগরিক প্ল্যাটফর্মের পক্ষে আরও উপস্থিত ছিলেন:
অধ্যাপক মোস্তাফিজুর রহমান, কোর গ্রুপ সদস্য, নাগরিক প্ল্যাটফর্ম ও সম্মাননীয় ফেলো, সিপিডি।
ড. ইফতেখারুজ্জামান, কোর গ্রুপ সদস্য, নাগরিক প্ল্যাটফর্ম ও নির্বাহী পরিচালক, টিআইবি।
সঞ্জীব দ্রং, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদিবাসী ফোরাম।
হাসিন জাহান, কান্ট্রি ডিরেক্টর, ওয়াটারএইড বাংলাদেশ।
জাকির হোসেন, প্রধান নির্বাহী, নাগরিক উদ্যোগ।
আশরাফুন নাহার মিষ্টি, নির্বাহী পরিচালক, উইম্যান উইথ ডিজএ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডব্লিউডিডিএফ)।
তারান্নুম জিনান, নেটওয়ার্ক ফোকাল পয়েন্ট, নাগরিক প্ল্যাটফর্ম।